ঢাকা-৪ ও ঢাকা-৫ সংসদীয় এলাকার বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধান করে নগরবাসীর ভোগান্তি নিরসনের লক্ষ্যে আজ বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে বাংলাদেশ জাতীয় সংসদের ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এবং ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসাইনের সাথে ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানমের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময়কালে মাননীয় সংসদ সদস্যবৃন্দ নিজ নিজ সংসদীয় এলাকার বিভিন্ন নাগরিক সমস্যার চিত্র তুলে ধরে জরুরি ভিত্তি তা সমাধানের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে ঢাকার জেলা প্রশাসককে নির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এমপিদ্বয়ের এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দের পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি হাফেজ দেলোয়ার হোসেন, যাত্রাবাড়ী পুর্ব থানা আমীর মোহাম্মদ শাহজাহান প্রমুখ।
পরিচিতি সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি বলেন, জনপ্রতিনিধি ও প্রশাসন যদি আন্তরিকভাবে নিজ-নিজ দায়িত্ব পালন করে তবে জনসাধারণ উপকৃত হবে। জনগণের সেবক হিসেবে প্রত্যেকে নিজ-নিজ অবস্থান থেকে সততা ও আন্তরিকতার সাথে কাজ করতে তিনি আহ্বান জানান।
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি বলেন, একজন ডিসি যদি দুর্নীতি মুক্ত থাকেন তবে ডিসির অধিনের কোনো কর্মকর্তা-কর্মচারী দুর্নীতির সঙ্গে জড়িত হওয়ার সাহস করবে না। এজন্য প্রত্যেক ডিসিকে দেশপ্রেম ও সততা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। ঢাকার উন্নয়নে জনপ্রতিনিধি ও প্রশাসনকে সম্বলিতভাবে জনগণের স্বার্থে কাজ করতে তিনি আহ্বান জানান।
এছাড়াও আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে আয়োজিত "নজরুল বর্ষ" উৎযাপন এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা -৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ কামাল হোসেন এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, ঢাকা -৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সৈয়দ জয়নুল আবেদীন। "নজরুল বর্ষ" উৎযাপন এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।