সৌদি আরবে কর্মরত নির্দিষ্ট শ্রেণির প্রবাসীদের জন্য ওয়ার্ক পারমিট (কাজের অনুমতিপত্র) নিয়মিত করার সুযোগ আরও দীর্ঘায়িত করেছে দেশটির সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার সুযোগ পাবেন সংশ্লিষ্ট কর্মী ও তাদের নিয়োগকর্তারা।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, যেসব প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ এক বছরেরও বেশি আগে শেষ হয়েছে কিংবা কোনো প্রতিষ্ঠানে যোগ দেওয়ার ছয় মাস পেরিয়ে গেলেও এখনো ওয়ার্ক পারমিট ইস্যু হয়নি, তারা এই সুবিধার আওতায় থাকবেন।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, শ্রমবাজারে আইনগত শৃঙ্খলা বজায় রাখা, কর্মী ও নিয়োগকর্তার অধিকার নিশ্চিত করা এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অতিরিক্ত সময় দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় নিয়োগকর্তা ও প্রবাসী কর্মীদের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই ওয়ার্ক পারমিট নবায়ন অথবা নতুন পারমিট সংগ্রহের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, এই বিশেষ সুযোগের মধ্যেও যেসব প্রতিষ্ঠান বা কর্মী তাদের কাগজপত্র নিয়মিত করবেন না, তাদের বিরুদ্ধে সৌদির প্রচলিত শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।