বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-২০৩০’-এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি একটি নিমগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বাউবির ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান একটি বারোমাসি আমড়া গাছের চারা রোপণ করেন। এছাড়া প্রো-ভিসি অধ্যাপক ড. আনিসুর রহমান এবং প্রো-ভিসি অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলামও পৃথকভাবে গাছের চারা রোপণ করেন।
পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কনফারেন্স হলে ‘প্রতিটি চারা হোক গ্রিন ক্যাম্পাসের নতুন স্বপ্নের সূচনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি বলেন, সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাউবির মূল ক্যাম্পাসের পাশাপাশি ১২টি আঞ্চলিক কেন্দ্র ও ৬৩টি উপ-আঞ্চলিক কেন্দ্রেও একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি এ উদ্যোগকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানান।
সভায় সভাপতির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই বাংলাদেশ গঠনে বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অন্তত একটি করে গাছ রোপণ এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রো-ভিসি অধ্যাপক ড. আনিসুর রহমান এবং প্রো-ভিসি অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে ভিসির সহধর্মিণী ড. আলো আরজুমান বানু পরিবেশ বিষয়ক একটি কবিতা আবৃত্তি করেন। স্বাগত বক্তব্য দেন বৃক্ষরোপণ কমিটির আহ্বায়ক ও কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের ডিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি. এম. আহমেদ হুসেইন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি ১২টি আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক, কর্মকর্তা-কর্মচারী এবং ৬৩টি উপ-আঞ্চলিক কেন্দ্রের প্রধান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হয়ে অংশগ্রহণ করেন।