আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে গাজীপুর মহানগর বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শনিবার (২৭ জুন) টঙ্গীতে এক বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিতে দলীয় নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবসমাজ ও সাধারণ নাগরিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা মাদকবিরোধী স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

র‍্যালি শুরুর আগে টঙ্গীর এশিয়া পাম্প এলাকায় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর যুব বিভাগের সভাপতি জিয়া উর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আজহারুল ইসলাম মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জামাল উদ্দিন বলেন,'পরিকল্পিতভাবে যুবসমাজের মধ্যে মাদক ছড়িয়ে দিয়ে দেশের ভবিষ্যৎকে ধ্বংস করার অপচেষ্টা চলছে। এ অবস্থা থেকে উত্তরণে কর্মসংস্থান সৃষ্টি, নৈতিক শিক্ষার প্রসার এবং মাদক ব্যবসায়ী ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে।'

তিনি আরও বলেন, 'প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ এবং সমাজের প্রতিটি স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ ছাড়া মাদকের ভয়াবহতা মোকাবিলা সম্ভব নয়। একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে হবে।'

বিশেষ অতিথির বক্তব্যে ড. হাফিজুর রহমান বলেন, 'মাদক আজ সমাজের জন্য ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। বিশেষ করে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এই মরণনেশা। গাজীপুর, বিশেষ করে টঙ্গী এলাকায় ছিনতাই, রাহাজানি ও নানা ধরনের অপরাধের সঙ্গে মাদকের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়,পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং সচেতন নাগরিকদের সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে।'

তিনি আরও বলেন, 'যুবসমাজকে মাদক থেকে ফিরিয়ে এনে শিক্ষা, নৈতিকতা, কর্মসংস্থান ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলেই একটি নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।'

সমাবেশ শেষে এশিয়া পাম্প এলাকা থেকে বর্ণাঢ্য র‍্যালিটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে চেরাগ আলী এলাকায় গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পথচারীদের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন।

এ কর্মসূচিতে গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, পেশাজীবী, যুবক, শিক্ষার্থী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সভাপতি জিয়া উর রহমান বলেন, 'মাদকমুক্ত সমাজ গঠন শুধু একটি দিবসের কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয়। জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এ ধরনের জনসম্পৃক্ত কর্মসূচি পরিচালনা করবে।'