যশোর-মাগুরা মহাসড়কে দুর্ঘটনায় সেলিম রেজা (৪০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। রোববার (২৮জুন) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হাশিমপুর বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহত সেলিম রেজা বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি যশোর সদর উপজেলার লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন। শিক্ষক হিসেবে তিনি ছিলেন শিক্ষার্থীদের কাছে অত্যন্ত প্রিয় ও সবার শ্রদ্ধাভাজন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে মোটরসাইকেলে করে যশোর শহরের বাসা থেকে খাজুরার উদ্দেশ্যে রওনা দেন সেলিম রেজা। পথে যশোর-মাগুরা মহাসড়কের হাশিমপুর এলাকায় আহার রেস্টুরেন্টের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে ঢাকাগামী একটি যাত্রীবাহী পরিবহন তাঁর ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাঁর মর্মান্তিক মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশ এসে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে। নিহত শিক্ষকের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

যশোরের ইছালী পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বারোবাজার হাইওয়ে পুলিশ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

একজন নিবেদিতপ্রাণ শিক্ষকের এমন আকস্মিক মৃত্যু শুধু তাঁর পরিবারের জন্য নয়, সহকর্মী, শিক্ষার্থী এবং সমগ্র শিক্ষা অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে রইল। তাঁর অকাল প্রয়াণে এলাকাজুড়ে শোকের আবহ বিরাজ করছে।