স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেডে দুষিত পানি পান করার পর দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকরা জানান, প্রতিদিনের মতো সকালে কারখানায় প্রবেশ করে কাজ শুরু করেন তারা। কিছুক্ষণ পর কারখানার সরবরাহকৃত পানি পান করার পর প্রথমে চতুর্থ তলার কয়েকজন শ্রমিক মাথা ঘোরা, বমি ও শারীরিক অসুস্থতায় আক্রান্ত হন। পরে ধীরে ধীরে অন্যান্য ফ্লোরের শ্রমিকদের মধ্যেও একই ধরনের উপসর্গ দেখা দেয়। একপর্যায়ে অনেকেই কর্মস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। অসুস্থদের বেশিরভাগই নারী শ্রমিক।

শ্রমিক জাহিদ, মাজেদুল ও তন্নি আক্তার জানান, তারা নিয়মিত কারখানার সরবরাহকৃত পানিই পান করেন। বৃহস্পতিবারও সেই পানি পান করার কিছুক্ষণ পর হঠাৎ অনেকের মাথা ঘুরে যায়, বমি শুরু হয় এবং অনেকে মেঝেতে লুটিয়ে পড়েন। পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে দ্রুত তাদের হাসপাতালে পাঠানো হয়। এছাড়া কারখানার ভেতরেও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. সাদিয়া তাসনিম মুনমুন জানান, সকাল সাড়ে ১০টার পর থেকে একের পর এক অসুস্থ শ্রমিক হাসপাতালে আসতে থাকেন। রোগীর সংখ্যা বেশি হওয়ায় হাসপাতালে চাপ সৃষ্টি হয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, 'অসুস্থ শ্রমিকদের মধ্যে প্রায় ৬০ শতাংশ প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে নিজ নিজ বাসায় ফিরে গেছেন। বর্তমানে প্রায় ৪০ শতাংশ শ্রমিক বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি কী কারণে ঘটেছে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

এছাড়া ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে। পানি বা অন্য কোনো কারণে শ্রমিকরা অসুস্থ হয়েছেন কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।