খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) 'বিজয় ২৪' হলের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছেন।

বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ১০টা থেকে ১১টার দিকে হলের গণরুম সংলগ্ন একটি ওয়াশরুমের ভেন্টিলেটরের ফাঁকে সন্দেহজনক মোবাইল ফোন দেখতে পান শিক্ষার্থীরা। পরে বিষয়টি খতিয়ে দেখে তারা হলের ক্যান্টিনে প্রায় দুই বছর ধরে কর্মরত ইমাম হাসান (২৪) নামের এক ক্যান্টিন কর্মীকে আটক করেন। তিনি ওই ক্যান্টিন মালিকের ছেলে বলে জানা গেছে।

শিক্ষার্থীদের দাবি, অভিযুক্ত ব্যক্তির ফোন তল্লাশি করে ছাত্রীদের একাধিক গোপন ভিডিও পাওয়া গেছে। অভিযোগ উঠেছে যে, সে দীর্ঘদিন ধরে এভাবে গোপনে ভিডিও ধারণ করে বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে আসছিল এবং এ বিষয়ে তার স্ত্রীও অবগত ছিলেন।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তার আশঙ্কা তৈরি হয়। ঘটনার সুষ্ঠু বিচার এবং ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দিয়েছেন।

ঘটনার পর হল প্রশাসন ও নিরাপত্তাকর্মীরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং অভিযুক্তকে আটক করা হয়।