আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক সাফল্যের ধারা অব্যাহত রেখে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) এবারও বিশ্বখ্যাত টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ইমপ্যাক্ট র্যাঙ্কিং ২০২৬-এ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়টি বৈশ্বিক পর্যায়ে ৪০১-৬০০তম অবস্থান অর্জন করে টেকসই উন্নয়ন, শিক্ষা, গবেষণা ও সামাজিক প্রভাবের ক্ষেত্রে নতুন এক মাইলফলক স্থাপন করেছে।
বুধবার (২৪ জুন) টিএইচই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ র্যাঙ্কিং প্রকাশ করে। এবারের তালিকায় বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৬৪৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বাংলাদেশ থেকে স্থান পাওয়া ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ই সর্বোচ্চ অবস্থান অর্জন করেছে।
জাতিসংঘ ঘোষিত ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সামাজিক সম্পৃক্ততা ও টেকসই উন্নয়নে অবদানের ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এসডিজি-১ (দারিদ্র্য মুক্তি) সূচকে গাকৃবি ৭৪.৮ স্কোর অর্জন করে বিশ্বের ৮২তম অবস্থানে রয়েছে। এসডিজি-২ (ক্ষুধামুক্তি) সূচকে ৭৮.৩ স্কোর নিয়ে বৈশ্বিকভাবে ৬৬তম স্থান অর্জন করেছে। এছাড়া এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা) সূচকে ৬৮.৫-৭৪.৫ স্কোর নিয়ে বিশ্বের ১০১-২০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে।
বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, গত বছর একই র্যাঙ্কিংয়ে গাকৃবির অবস্থান ছিল ৮০১-১০০০-এর মধ্যে। মাত্র এক বছরের ব্যবধানে ৪০১-৬০০তম অবস্থানে উন্নীত হওয়া বিশ্ববিদ্যালয়ের পরিকল্পিত উন্নয়ন, একাডেমিক উৎকর্ষ, গবেষণার মানোন্নয়ন এবং টেকসই উন্নয়ন কার্যক্রমের উল্লেখযোগ্য অগ্রগতিরই প্রতিফলন।
সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক বিভিন্ন র্যাঙ্কিংয়েও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ধারাবাহিক সাফল্য অর্জন করে দেশের উচ্চশিক্ষা খাতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। টাইমস হায়ার এডুকেশন ২০২৫ ও ২০২৬-এর বিভিন্ন ক্যাটাগরিতে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জনের পাশাপাশি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ফর ইনোভেশন (উরি) ২০২৬-এ বাংলাদেশের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ফিন্যান্সিয়াল ইমপ্যাক্ট-ড্রিভেন ট্রান্সফার টেকনোলজি ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৩তম স্থান অর্জন করেছে। এছাড়া কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র্যাঙ্কিংস ২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান লাভ করে টেকসই উন্নয়ন ও উদ্ভাবনী শিক্ষায় নেতৃত্বের স্বাক্ষর রেখেছে।
এ অসাধারণ অর্জনে সন্তোষ প্রকাশ করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, 'এটি শুধু একটি র্যাঙ্কিংয়ে ভালো অবস্থান অর্জনের বিষয় নয়, বরং আমাদের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাই এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টার আন্তর্জাতিক স্বীকৃতি। এই অর্জন আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং মানবিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব গড়ে তোলার মাধ্যমে দেশের উন্নয়ন ও বৈশ্বিক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আরও কার্যকর ভূমিকা রাখতে বদ্ধপরিকর।'
উল্লেখ্য, টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইমপ্যাক্ট র্যাঙ্কিং বিশ্বের একমাত্র বৈশ্বিক বিশ্ববিদ্যালয় মূল্যায়ন ব্যবস্থা, যেখানে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও সামাজিক প্রভাবের ভিত্তিতে র্যাঙ্কিং প্রকাশ করা হয়। গাকৃবির এবারের অর্জন দেশের উচ্চশিক্ষা ও কৃষি গবেষণাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও একধাপ এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।