বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কর্মকর্তা মো. আতিকুর রহমানের ২০২৩ সালের একটি বক্তব্য সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে। ওই বক্তব্যে তিনি বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার বিষয়ে বিভিন্ন মন্তব্য করেন।

জানা যায়, ২০২৩ সালের ২১ আগস্ট বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ হলে জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব বক্তব্য দেন তিনি। সে সময় তিনি বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এবং বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

পরে অর্থ ও হিসাব শাখার ভারপ্রাপ্ত দপ্তর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার উপপরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।

বক্তব্যের শুরুতে মো. আতিকুর রহমান শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান এবং বাংলাদেশের স্বাধীনতা ও রাষ্ট্র প্রতিষ্ঠায় তার ভূমিকার কথা তুলে ধরেন। এরপর ১৫ আগস্ট ১৯৭৫ সালের হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে স্বাধীনতার চেতনাকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল।

বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, “কুখ্যাত জিয়াউর রহমানের সন্তান কুলাঙ্গার তারেক রহমান, যেটা ২০০৪ সালে ঘটিয়েছে ২১ আগস্ট গ্রেনেড হামলা। আসলে বাপ-বেটা তো একরকমই হবে।”

এ ছাড়া তিনি দাবি করেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ড থেকে সবচেয়ে বেশি লাভবান হয়েছিলেন জিয়াউর রহমান। তিনি বলেন, ইতিহাস বিশ্লেষণ করলে হত্যাকাণ্ডের পরিকল্পনার সঙ্গে কারা জড়িত ছিলেন, তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়।

বক্তব্যের শেষদিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে তিনি আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক বক্তব্য দেন এবং “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগানের মাধ্যমে বক্তব্য শেষ করেন।

সম্প্রতি প্রায় দুই বছর আগের এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পুনরায় ছড়িয়ে পড়লে তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ভিডিওর বিষয়ে জানতে মোঃ আতিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,"আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। তবে এধরনের ভিডিও এখন বানানো সম্ভব"।