ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গাজীপুরে দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল-২০২৬ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ভিসি অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার, গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া এবং বিডিরেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাওরিত। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।
ভিসি বলেন, দেশের শতাধিক বিশ্ববিদ্যালয় থেকে এক হাজার ২০০-এর বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে কার্নিভালটি প্রযুক্তি, উদ্ভাবন ও গবেষণার এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়েছে। তিনি শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান সমাজ ও মানবকল্যাণে কাজে লাগিয়ে দক্ষ প্রযুক্তিবিদ, গবেষক ও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনই ভবিষ্যতের বাংলাদেশ গঠনের অন্যতম ভিত্তি। শিক্ষার্থীদের উপস্থাপিত বিভিন্ন প্রযুক্তিভিত্তিক সমাধান তাকে আশাবাদী করেছে।
সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রতিযোগীরা অংশ নেন।
ইনোভার্স বাংলাদেশের ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কার্নিভাল-২০২৬-এর অংশ হিসেবে ডুয়েট কম্পিউটার সোসাইটি ও হোয়াইটবোর্ড ইনিশিয়েটিভসের সহযোগিতায় আয়োজিত এ কার্নিভালে দেশের শতাধিক বিশ্ববিদ্যালয়ের এক হাজার ২০০-এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দুই দিনে ইন্টার-ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট (আইইউপিসি), এআই হ্যাকাথন, আইসিটি অলিম্পিয়াড ও প্রজেক্ট শোকেসিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং নেটওয়ার্কিং সেশনের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।