দুর্নীতি ও দুঃশাসনমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর এবং ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

শুক্রবার সকালে রাজধানীর উত্তরার একটি অডিটোরিয়ামে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) আয়োজিত এক কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী নিজেদের স্বার্থ বিসর্জন দিয়ে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন করে আসছে। এটি মানবকল্যাণ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আন্দোলন।

তিনি বলেন, মাস্তানি, সন্ত্রাস ও অশালীন ভাষার রাজনীতি দিয়ে কখনো জনগণের কল্যাণ নিশ্চিত করা যায় না। একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে দেশের সব মানুষকে জামায়াতে ইসলামীর ইতিবাচক কর্মকাণ্ডে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

সেলিম উদ্দিন আরও বলেন, একটি মানবিক ও নিরাপদ নগর গড়ে তুলতে ধৈর্য, পারস্পরিক সহযোগিতা এবং মানুষের সেবায় আত্মনিয়োগের বিকল্প নেই। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা, ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (IBWF) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল ইসলাম রাজুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

রাজধানীর উত্তরায় আয়োজিত এক মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন দুর্নীতি ও দুঃশাসনমুক্ত, নিরাপদ এবং কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

এর আগে সকালে রাজধানীর বাড্ডায় নিয়মিত ব্যায়াম কর্মসূচিতে অংশগ্রহণ শেষে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।