সংগঠনের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুন্সীগঞ্জ জেলার দুই সদস্য (রুকন)-এর সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করে তাদের দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (৫ জুলাই) কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেন, মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার সদস্য (রুকন) মাওলানা মনির হোসেন (পিতা: মৃত আবদুর রহিম) এবং সদর উপজেলার সদস্য (রুকন) মাওলানা আমিনুল ইসলাম নাসির (পিতা: ফখরুদ্দিন মিয়া)-এর বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় দলের আমীর ৫ জুলাই ২০২৬ তারিখে তাদের সদস্যপদ (রুকনিয়াত) বাতিল এবং সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৫ জুলাই ২০২৬ থেকে ওই দু'জন আর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) নন। একই সঙ্গে তারা বাংলাদেশ জামায়াতে ইসলামী কিংবা এর কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনের কোনো পদেও অধিষ্ঠিত নেই।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।