গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তাঁর দোসরদের বিচারের দাবিতে আগামী ২৫ জুলাই শনিবার বেলা আড়াইটায় সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। পূর্ব ঘোষিত এই সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জোটটি।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম-এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। এ ছাড়া এতে বিশেষ অতিথি হিসেবে জোটের শীর্ষনেতারা বক্তব্য প্রদান করবেন।

সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এ মহাসমাবেশ সার্বিকভাবে সফল করতে বিশেষ আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিয়া গোলাম পরওয়ার সিলেট বিভাগের জামায়াতে ইসলামীর সংশ্লিষ্ট সব শাখার প্রতি কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।

একই সঙ্গে তিনি সিলেট অঞ্চলের সর্বস্তরের সাধারণ মানুষ ও সকল শ্রেণি-পেশার জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এ আন্দোলন ও সমাবেশকে সফল করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।