ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে নির্মাণাধীন ডারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে (Darkhovin Nuclear Power Plant) ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
রোববার (১৯ জুলাই) ইরানের পারমাণবিক শক্তি সংস্থা (AEOI) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানায়, স্থানীয় সময় ভোররাত ৩টা ৩৯ মিনিটে এই আক্রমণটি চালানো হয়। তুর্কিয়ে টুডে
আন্তর্জাতিক রক্ষাকবচের অধীনে থাকা একটি শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় এই হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে তেহরান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা জানায়, ডারখোভিন বিদ্যুৎকেন্দ্রটি এখনো নির্মাণাধীন পর্যায়ে রয়েছে। তবে এই হামলায় স্থাপনাটির কী ধরনের বা কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তেহরানের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।
মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাজমান চরম উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। সম্প্রতি ইরানের অভ্যন্তরে বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ওয়াশিংটন। এর জবাবে তেহরানও অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধ এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া চলমান থাকা সত্ত্বেও দুই দেশের মধ্যে দফায় দফায় এই গোলাগুলি ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। নির্মাণাধীন পারমাণবিক কেন্দ্রে সর্বশেষ এই হামলা চলমান উত্তেজনাকে আরও সংঘাতময় করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে।