বিশ্বকাপ ফুটবলের মহারণের আগে ব্যস্ততম শহর নিউইয়র্কে নেমেছে বৃষ্টি। স্থানীয় সময় শনিবার দুপুরে আকাশজুড়ে ছিল ঘন কালো মেঘ, এরপর শুরু হয় ঝুম বৃষ্টি। ক্ষণিকের জন্য সেই দৃশ্য যেন মনে করিয়ে দেয় বাংলাদেশের বর্ষাকাল। তবে এই বৃষ্টি উপভোগের চেয়ে বেশি আলোচনায় এসেছে ফাইনালের আবহাওয়া নিয়ে।

প্রায় দেড় মাসের জমজমাট লড়াই শেষে বিশ্বকাপ এখন শেষ অধ্যায়ে। আর মাত্র কয়েক ঘণ্টা পর নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ফলে বিশ্ব ফুটবলের সব নজর এখন নিউইয়র্ক ও নিউ জার্সিকে ঘিরে।

ফাইনালের আগে আবহাওয়াও আলোচনার বড় বিষয় হয়ে উঠেছে। সম্প্রতি কানাডার টরন্টো অঞ্চলের দাবানলের ধোঁয়া নিউইয়র্কের আকাশে ছড়িয়ে পড়ে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এমন বায়ু দূষণের মধ্যে খেলোয়াড়দের মাঠে নামা ঝুঁকিপূর্ণ হতে পারে।

এর মধ্যেই শনিবার সারাদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে নির্ধারিত সূচি অনুযায়ী আর্জেন্টিনা ও স্পেন দুই দলই ফাইনালের আগে শেষ অনুশীলন সম্পন্ন করেছে।

ফাইনালের দিন আবহাওয়া ম্যাচের গতি-প্রকৃতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। মেটলাইফ স্টেডিয়ামে স্থায়ী ছাদ না থাকায় বৃষ্টি হলে খেলোয়াড়দের পাশাপাশি দর্শকদেরও ভিজতে হবে। আবার তীব্র রোদ থাকলেও একইভাবে ভোগান্তিতে পড়তে হতে পারে সবাই।

তবে আবহাওয়া পূর্বাভাস বলছে, ফাইনালের দিন আকাশ পরিষ্কার ও রৌদ্রোজ্জ্বল থাকতে পারে। স্থানীয় সময় বিকেল ৩টায় ম্যাচ শুরু হওয়ার কথা। বিশ্বজুড়ে দর্শকদের সময় বিবেচনায় রেখেই ফিফা ও আয়োজক দেশ এই সময়সূচি নির্ধারণ করেছে।

এখন অপেক্ষা শুধু শেষ বাঁশির। আবহাওয়ার অনিশ্চয়তা পেরিয়ে মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়নকে জানার জন্য প্রহর গুনছে গোটা ফুটবল বিশ্ব।