ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ইংল্যান্ডের ২-১ গোলে হেরে বিদায় নেওয়ার পর কোচ টমাস টুখেলের রক্ষণাত্মক কৌশলের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প মন্তব্য করেন, "ইংল্যান্ড এগিয়ে যাওয়ার পরই তাদের সেরা স্ট্রাইকারকে রক্ষণাত্মক খেলোয়াড়ে পরিণত করল। আক্রমণভাগে আরেকটু জোর দেওয়া উচিত ছিল। সিদ্ধান্তটি সত্যিই অদ্ভুত ছিল।"
আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে শুরুতে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। কিন্তু পরে টুখেল রক্ষণ আরও শক্ত করতে পাঁচজন, পরে ছয়জন রক্ষণভাগের খেলোয়াড় নিয়ে খেলতে শুরু করেন। সেই সুযোগ কাজে লাগিয়ে আর্জেন্টিনা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। লিওনেল মেসির পাস থেকে এনসো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজ গোল করে দলকে ২-১ ব্যবধানে জয় এনে দেন।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, এক সময় তিনি হ্যারি কেইনের সঙ্গে গলফ খেলেছেন। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ইংল্যান্ডের একজন দারুণ খেলোয়াড় আছে, হ্যারি। আমার মনে হয় তারা ভুল করেছে। তারা নিজেদের সেরা খেলোয়াড়কে রক্ষণে নামিয়ে দিয়েছে।’
এরপর নিজের মন্তব্য নিয়ে কিছুটা রসিকতাও করেন ট্রাম্প। তিনি বলেন, ‘ফুটবল সম্পর্কে আমি আর কতটুকুই বা জানি? কিন্তু তারা এগিয়ে থাকার পর নিজেদের সেরা খেলোয়াড়কে রক্ষণে নিয়ে গেল। আমার মনে হয়, তখন আরও আক্রমণাত্মক হওয়া উচিত ছিল। অবশ্য আমি কোচ নই। তাই শেষ কথা বলছি না। তবে সিদ্ধান্তটি আমার কাছে অস্বাভাবিক মনে হয়েছে। হ্যারি খুব ভালো একজন মানুষ।’
ফ্রান্সের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগের সংবাদ সম্মেলনে টুখেল ট্রাম্পের এই সমালোচনাকে হেসেই উড়িয়ে দেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে টুখেল রসিকতা করে বলেন, "আপনি কি এই মামলায় ডোনাল্ড ট্রাম্পকে আপনার সাক্ষী হিসেবে দাঁড় করাচ্ছেন? তিনি স্পষ্ট করেন যে, শেষ ৩০ মিনিটে আর্জেন্টিনা চেপে ধরায় পুরো দল 'ডিপ ব্লক' বা গভীর রক্ষণাত্মক কৌশলে খেলতে বাধ্য হয়েছিল।
টুখেলের মতে, "আধুনিক ফুটবলে রক্ষণ ১০ বা ১১ জন মিলেই করতে হয়। দল নিচে নেমে গেলে স্ট্রাইকার হ্যারি কেইনকেও নিচে নেমে ডিফেন্ড করতে হবে, এটাই স্বাভাবিক।"
এদিকে বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে ইংল্যান্ড। সেমিফাইনালের হতাশা কাটিয়ে অন্তত তৃতীয় স্থান নিয়ে আসর শেষ করাই এখন টুখেল ও তার দলের লক্ষ্য।