তেজগাঁও দক্ষিণ এলাকায় টিআর প্রকল্পের আওতায় সংস্কারকৃত দু’টি সড়কের উদ্বোধন করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন।
আজ শনিবার (২৭ জুন) সকালে তিনি তেজগাঁও মডেল স্কুল সংলগ্ন সড়কের উদ্বোধন করেন। পরে তেজগাঁও রেলস্টেশন এলাকার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কের উদ্বোধন করেন।
সড়ক উদ্বোধনকালে সাইফুল আলম খান মিলন বলেন, যে দেশ যত উন্নত সে দেশের যোগাযোগ ব্যবস্থা ততই আধুনিক ও গতিশীল। তাই একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিকে সামনের দিকেই এগিয়ে নিতে হলে ঢাকা নগরী সহ সারাদেশেই যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে। তিনি তেজগাঁয়ের যোগাযোগ ব্যবস্থার কথা উল্লেখ করে বলেন, অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এ এলাকার মানুষের ভোগান্তি দীর্ঘদিনের। তাই নগরজীবনের দূর্দশা লাঘবে এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের উদ্যোগ করা হয়েছে। মূলত এটি একটি চলমান প্রক্রিয়া। তিনি কাজের মান বজায় রেখে সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান।
তিনি বলেন, জামায়াত কোন গতানুগতির রাজনৈতিক দল নয়। আমরা মানুষের কল্যাণ ও দূর্দশা লাঘবে প্রতিশ্রুতিবদ্ধ। আর অঙ্গীকারের পথ ধরেই আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আমরা শুধু যোগাযোগ ব্যবস্থা নয় বরং পুরো দেশেই ইতিবাচক পরিবর্তন আনতে চাই। তিনি সে পরিবর্তনের ধারায় অংশ নিতে সকলকে শরীক হওয়ার আহবান জানান।
এ সময় উপস্থিত তেজগাঁও দক্ষিণ থানা আমির ও ২৬ নম্বর ওয়ার্ডে জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার নো’মান আহমেদী, থানা সেক্রেটারি ফরিদ আহমেদ রুবেল, জামায়াত নেতা ডা.তৌকিফুল ইসলাম, আব্দুল হক, আলী আকবর ও হাবিবুর রহমান, স্থানীয় প্রতিনিধি আবু হানিফ, ইকবাল পাটোয়ারী ও তেজগাঁও রেল স্টেশনের স্টেশন মাস্টার শফিকুল ইসলাম প্রমূখ।