সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ধর্ষণের শিকার আলোচিত শিশুকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা আমীর শহিদুল ইসলাম মুকুল।
বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি হাসপাতালে গিয়ে শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
এ সময় তিনি শিশুটির সার্বিক চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি শিশুটির চিকিৎসার দায়িত্ব গ্রহণের আশ্বাস দেন এবং ভুক্তভোগী পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
হাসপাতাল পরিদর্শনের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও ফিংড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শহিদ হাসান, কর্মপরিষদ সদস্য আনিছুর রহমান, মেডিকেল কলেজ শিবিরের সভাপতি এবং স্থানীয় জামায়াতের অন্যান্য নেতাকর্মীরা।
পরিদর্শন শেষে জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমীর শহিদুল ইসলাম মুকুল বলেন, আমরা তার সার্বিক চিকিৎসার দায়িত্ব নিয়েছি এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখব। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।"
এদিকে, ঘটনার পর অভিযুক্ত কিশোরকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।
উল্লেখ্য, শিশুটির চিকিৎসা অব্যাহত রয়েছে এবং তার সুস্থতার জন্য প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।