জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখা, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে রাজধানী ঢাকায় বিশাল জনসভার ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর।

আগামী ২৩ জুলাই (বৃহস্পতিবার) বিকেল ৪টায় রাজধানীর মিরপুর-১০ এলাকায় এ জনসভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর এবং ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন এ কর্মসূচির ঘোষণা দেন।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের মুখপাত্র আতাউর রহমান সরকার জানান, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের পূর্বঘোষিত কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবেই মিরপুরের এই আয়োজন।

তিনি আরও জানান, জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

আয়োজক সূত্রের খবর, প্রধানত জামায়াতের মিরপুর জোনের সর্বস্তরের জনশক্তি এবং স্থানীয় সাধারণ জনগণের অংশগ্রহণে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হবে। আয়োজনটি সফল করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।