দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে জামায়াত সবসময় ইতিবাচক ও সেবার মনোভাব নিয়ে সমাজের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও ডিএনসিসিতে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি আজ মঙ্গলবার (২১ জুলাই) শাহ আলী থানা জামায়াতের উদ্যোগে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমীর জি এম হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, কাউন্সিল প্রার্থী ডা.মঈনুদ্দিন। উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ।

সেলিম উদ্দিন বলেন, জামায়াত একটি কল্যাণকামী ও গণমুখী রাজনৈতিক সংগঠন। আমরা এমন একটি সমাজ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর যে সমাজে মানুষে মানুষে কোন বৈষম্য থাকবে না। মূলত, আমরা দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই, যেখানে কেউ কর্মহীন বা পিছিয়ে থাকবে না। আমরা সমাজের সুবিধাবঞ্চিত নারীদের সাবলম্বী করে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। এটি আমাদের সাময়িক কোন কর্মসূচি নয় বরং স্থায়ী কর্মনীতির অংশ। সে ধারাবাহিকতায় আজ আমরা সেলাই মেশিন বোনদের হাতে তুলে দিচ্ছি। এতে তারা ন্যূনতম উপকৃত হলে আমাদের শ্রম স্বার্থক হয়েছে বলে মনে করবো। তিনি সমাজের পিছিয়ে পড়া মানুষদের কল্যাণে এগিয়ে আসতে সরকার, রাজনৈতিক দলসহ সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহবান জানান।

তিনি বলেন, আমরা জাতিকে সুশিক্ষিত হিসাবে গড়ে তোলার জন্য আমরা স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ^বিদ্যালয় গড়ে তুলেছি। এসব শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ও ধর্মীয় শিক্ষার সুসমন্বয় করা হয়েছে। আমরা বিত্তহীন মানুষের জন্য বিনামূল্যে সুচিকিৎসার ব্যবস্থা করে থাকি। প্রয়োজনে বাড়ী বাড়ী গিয়ে এসব সেবা প্রদান করা হয়। আমাদের সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সার্ভিসও রয়েছে। সাধারণ মানুষের পানীয় জলের চাহিদা মেটানোর জন্য নগরীর বিভিন্ন স্থানে বিশুদ্ধ পানির পাম্প স্থাপন করে তা সবার জন্য উম্মুক্ত করে দেওয়া হয়েছে। নগরবাসীর জন্য আমাদের এ কল্যাণকামীতা আগামী দিনেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি ডিএনসিসিকে সর্বাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নগরীতে পরিণত করতে সকলের সার্বিক সহায়তা কামনা করেন।